
বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে
ওষুধ দোকানে ২০ হাজার টাকা জরিমানা
রিফাত, পাবনাঃ
পাবনার বেড়া উপজেলার রাকশা পুরান বাজার এলাকায় ‘সিরাজুল ফার্মেসী’ নামে একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দসহ ফার্মেসির মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বুধবার (১২ আগস্ট) এই অভিযান পরিচালনা করেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাকশা পুরান বাজার এলাকায় সিরাজুল ফার্মেসীতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। তল্লাশিকালে ফার্মেসীটিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ পাওয়া যায়।
পরবর্তীতে অপরাধ স্বীকার করায় এবং জব্দকৃত আলামতের ভিত্তিতে অভিযুক্ত সিরাজুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বেড়া মডেল থানার এসআই সুব্রত-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম সহায়তাকারী ফোর্স হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল।
অভিযান শেষে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান জানান, “ভোক্তা অধিকার রক্ষা ও জনস্বাস্থ্য সুনিশ্চিত করতে এ ধরনের অভিযান অত্যন্ত জরুরি। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”