
দৌলতপুরে নকল সিগারেট কারখানায় অভিযানে
২ কোটি টাকার ২০ লাখ শলাকা জব্দ
হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ
দৌলতপুরে গরুর খামার ভাড়া নিয়ে গড়ে তোলা নকল সিগারেট তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ আগস্ট) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাসের নেতৃত্বে উপজেলার দৌলতপুর ইউনিয়নের গড়বাড়িয়া গ্রামে ওই কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কারখানাটি থেকে প্রায় ২ কোটি ৪ লাখ ১৪ হাজার টাকা মূল্যের নকল সিগারেট ও তামাকসহ বিভিন্ন কাঁচামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযানের সময় কারখানায় কাউকে পাওয়া যায়নি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গড়বাড়িয়া গ্রামের আহসান হাবিব মাস্টারের একটি গরুর খামারে অভিযান চালানো হয়। খামারটি ভাড়া নিয়ে সেখানে দীর্ঘদিন ধরে নকল সিগারেট উৎপাদন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অভিযানে ২৫ লাখ ৫০ হাজার শলাকা নকল সিগারেট এবং বিপুল পরিমাণ তামাক ও অন্যান্য কাঁচামাল জব্দ করা হয়। জব্দ করা সিগারেটের মধ্যে রয়েছে ৯৬ লাখ টাকা মূল্যের ১২ লাখ শলাকা ‘ডার্বি’,৮৬ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ১১ লাখ ৫০ হাজার শলাকা ‘রয়েলস’ ও ‘রয়েল নেক্সট’ এবং ২০ লাখ টাকা মূল্যের ২ লাখ শলাকা ‘নেভি’ ব্র্যান্ডের নকল সিগারেট।
এছাড়াও ১ লাখ ৮৯ হাজার টাকা মূল্যের ৩০ বস্তা বা প্রায় ২ হাজার ১০০ কেজি অপ্রসেসড পচা তামাকও জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪ লাখ ১৪ হাজার টাকা।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, জয়রামপুর গ্রামের আজিরুদ্দিন সরকারের ছেলে শাকিল আহমেদ এবং বৈদ্যনাথতলা গ্রামের ইনসার আলীর ছেলে লোকমান হোসেন লিওন ওই গরুর খামারটি ভাড়া নিয়ে নকল সিগারেট উৎপাদন করে আসছিলেন।
এ ব্যাপারে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট ও নিম্নমানের তামাক জব্দ করা হয়েছে।
অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্টরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, নকল সিগারেট ও নিম্নমানের তামাক জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। অবৈধ এ কার্যক্রম বন্ধে জব্দ করা মালামাল আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, এ ঘটনায় শাকিল আহমেদ ও লোকমান হোসেন লিওনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে নকল সিগারেট ও অবৈধ তামাকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।