
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে
অজ্ঞাত নারীর আত্মহত্যা !
হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার মিরপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত এক নারী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে মিরপুর বিজিবি কুষ্টিয়া সেক্টরের রেলওয়ে লেভেল ক্রসিংয়ের অদূরে এ ঘটনা ঘটে।
নিহত ওই নারীর বয়স আনুমানিক ৬০ বছর বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,খুলনা থেকে রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি অতিক্রম করার সময় ওই নারী ট্রেনের নিচে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পোড়াদহ জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে পোড়াদহ জিআরপি থানার উপ-পরিদর্শক (এস আই) নাসির উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্ত পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। পরিচয় শনাক্ত হলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।