
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. মনিরুল হক চৌধুরীর মানবিক আচরণকে বিকৃতভাবে উপস্থাপন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে কুমিল্লার সম্মিলিত সনাতনী সমাজ।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের নেতারা দাবি করেন, গত ২৪ এপ্রিল কুমিল্লা-ঢাকা মহাসড়কের আইরিস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধারের ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নিতে যান সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। সে সময় তিনি নিহতের স্ত্রী ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
বক্তারা বলেন, ওই মানবিক মুহূর্তের কিছু ছবি ও ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আংশিকভাবে প্রকাশ করে ভিন্ন অর্থে উপস্থাপন করা হয়েছে, যা সংসদ সদস্যের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হয়েছে বলে তারা মনে করেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ঘটনাস্থলে বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন এবং পুরো ঘটনার বিভিন্ন ছবি ও ভিডিও ধারণ করেন। অথচ সম্পূর্ণ প্রেক্ষাপট উপেক্ষা করে খণ্ডিত অংশ প্রচার করায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তারা।
লিখিত বক্তব্যে আয়োজকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ছবি, ভিডিও বা তথ্য প্রচারের আগে সত্যতা যাচাই করার আহ্বান জানান। একই সঙ্গে শোকাহত পরিবারের অনুভূতি ও ব্যক্তিগত মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনেরও অনুরোধ করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্যদেন সম্মিলিত সনাতনী সমাজের নেতারা।
এ সময় উপস্থিত সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সেক্রেটারি অধ্যক্ষ তাপস বক্সী, মহানর পূজা উদযাপন ফন্টের আহবায়ক শ্যামল কৃষ্ণ সাহা, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি অধ্যাপক দিলীপ মজুমদার, কুমিল্লা মহানগর হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমল চন্দ্র ঘোষ, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অচিন্ত্য দাস টিটু, দিগম্বরীতলা গুপ্তজগন্নাথ বাড়ীর সভাপতি সুমন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।