
লাকসামে পরিবেশ রক্ষায় রোপন কর্মসূচি উদ্বোধন
লাকসাম প্রতিনিধিঃ
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কুমিল্লার লাকসামে ২৭ জুলাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (YPAG)।
লাকসাম আব্দুল মালেক ইনস্টিটিউশন (রেলওয়ে হাই স্কুলে) ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (YPAG) এর উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা।
লাকসাম রেলওয়ে হাই স্কুল, মিস্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নশরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
এ সময় শিক্ষক-শিক্ষার্থী, PFG কো-অর্ডিনেটর ও লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (YPAG)-এর সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
লাকসাম উপজেলা নির্বাহী অফিসার বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাই সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যাও নিশ্চিত করতে হবে।
আয়োজকরা জানান, Multi-stakeholder Initiative for Peace and Stability (MIPS) প্রকল্পের আওতায় Youth Peace Ambassador Group (YPAG) দীর্ঘদিন ধরে সামাজিক সম্প্রীতি, শান্তি প্রতিষ্ঠা এবং পরিবেশ সংরক্ষণে কাজ করে আসছে।
এরই ধারাবাহিকতায় সোমবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
পরে অতিথিবৃন্দ ও সংগঠনের সদস্যরা স্মারক ছবিতে অংশ নেন।