
বুড়িচংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইয়াবাসহ মাদকসেবী ও পলাতক আসামির কারাদণ্ড
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইয়াবাসহ এক মাদকসেবী ও মাদক মামলার পলাতক আসামিকে আটক করে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাকশীমূল ইউনিয়নের সীমান্তবর্তী জঙ্গলবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে জঙ্গলবাড়ী এলাকার একটি সড়কে সন্দেহভাজন এক ব্যক্তির দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
আটক ব্যক্তি উপজেলার বাকশীমূল ইউনিয়নের জঙ্গলবাড়ী গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে আবুল হোসেন (৪২)।
পরবর্তীতে তার পরিচয় যাচাই করে জানা যায়, তিনি একটি মাদক মামলার পলাতক আসামি।
এ সময় বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রমে সহযোগিতা করেন।
পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার মাদক বহন, মাদক সেবন এবং মাদক মামলার পলাতক থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আবুল হোসেনকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
বুড়িচং থানার এসআই জিয়া উদ্দিন জানান, ভ্রাম্যমাণ আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত আবুল হোসেনকে সোমবার বিকেলে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।