
ঢাবি’র ৫০ জন শিক্ষার্থীর গাজীপুরে ইবনে
সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ভ্রমন
ঢাবি প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে গাজীপুরের সফিপুরে অবস্থিত ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসিতে ‘ডাকসু ইন্ডাস্ট্রিয়াল ট্যুর-২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের দ্বিতীয় বর্ষের ৫০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এই বিশেষ শিক্ষা সফরটি আয়োজিত হয়।
২১ জুলাই সকাল ৬:২০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের বহনকারী বাসটি গাজীপুরের সফিপুরের উদ্দেশ্যে রওনা হয়। ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস প্লান্টে পৌঁছানোর পর শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
পরবর্তীতে প্লান্টের মূল মিলনায়তনে একটি উদ্বোধনী (ওপেনিং) সেশন অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি-এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) রোকনুদ্দিন খান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওষুধ শিল্পের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
স্বাগত বক্তব্যের পর শিক্ষার্থীদের সামনে ইবনে সিনা ফার্মার সামগ্রিক প্লান্ট পরিচালন প্রক্রিয়া, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মান নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
ওপেনিং সেশন শেষে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে মোট ৩টি গ্রুপে বিভক্ত করে পুরো প্লান্টটি পরিদর্শন করানো হয়।
শিক্ষার্থীরা ওষুধ উৎপাদন, প্যাকেজিং এবং মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরির বিভিন্ন পর্যায় সরজমিনে দেখার সুযোগ পান। প্লান্টের সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাবৃন্দ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ওষুধ প্রস্তুতকরণের ব্যবহারিক দিকগুলো বুঝিয়ে বলেন।
প্লান্ট পরিদর্শনের পর ক্লোজিং সেশনে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নোত্তর এক্সপার্ট প্যানেলবৃন্দ প্রদান করেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসর নির্বাহী পরিচালক ও হেড অব প্লান্ট মোঃ আব্দুল খালেক।
এছাড়াও শিক্ষার্থী ও ইবনে সিনা ফার্মার কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শিল্পক্ষেত্রের বাস্তব কর্মপরিবেশের সাথে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই এই ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের আয়োজন করা হয়।