
কুষ্টিয়ায় ব্র্যাকের উদ্যোগে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ
হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ
প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কুষ্টিয়ার খোকসা উপজেলায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)-এর উদ্যোগে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ ও লালন-পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) খোকসা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ১৭ জন উপকারভোগী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে হাঁস ও মুরগি পালন, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জাকির হোসেন। তিনি বলেন, “সঠিক পরিচর্যা ও আধুনিক পদ্ধতিতে হাঁস-মুরগি পালন করলে গ্রামীণ পরিবারের আয় বৃদ্ধি এবং পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।”
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক (দাবি)-এর এলাকা ব্যবস্থাপক মো. কামাল হোসেন, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. জাহিদ হোসেন এবং সহকারী শাখা ব্যবস্থাপক প্রণব কুমার মহন্ত।
বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে ব্র্যাক নিয়মিতভাবে বিভিন্ন প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।
এ সব উদ্যোগের মাধ্যমে উপকারভোগীরা ক্ষুদ্র খামার গড়ে তুলে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন এবং স্বাবলম্বী হয়ে উঠবেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী উপকারভোগীদের মাঝে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ উপকারভোগীদের পারিবারিক আয় বৃদ্ধি এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।