
লালমাইয়ের মেয়ে কামরুন্নাহারের
পিএইচডি ডিগ্রি অর্জন
লালমাই, প্রতিনিধিঃ
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), ঢাকার ১০৯তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের সহকারী অধ্যাপক কামরুন্নাহার-কে পিএইচডি (Doctor of Philosophy) ডিগ্রি প্রদান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. নাহিদ জেবা-এর তত্ত্বাবধানে তিনি তাঁর গবেষণা কর্মটি সফলভাবে সম্পন্ন করেন। তাঁর গবেষণার বিষয় ছিল— “Genetic analyses and genome wide association studies of yield attributes and abiotic stress tolerance in blackgram (Vigna mungo L. Hepper)”।
কুমিল্লা জেলার লালমাই উপজেলার হরিশ্চর গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবুল কালাম আজাদ ও পেয়ারা বেগম দম্পতির জ্যেষ্ঠ কন্যা। শিক্ষা জীবনে তিনি ২০০৫ সালে ঐতিহ্যবাহী হরিশ্চর ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং ২০০৭ সালে ঢাকার কোডা থেকে এইচএসসি সম্পন্ন করেন।
পরবর্তীতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিজ্ঞানে স্নাতক (বিএসসি ইন এগ্রিকালচার) এবং কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে তিনি একই বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তাঁর স্বামী মুহম্মদ নজরুল ইসলাম সোনালী ব্যাংক পিএলসি-তে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও দুই কন্যা সন্তানের জননী।
তাঁর এই গৌরবময় অর্জনে এলাকার শিক্ষক, গুণীজন ও শুভাকাঙ্ক্ষীরা আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।