হাতকড়াসহ আসামির পলায়ন-এক ঘণ্টা পর আটক

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

হাতকড়াসহ আসামির পলায়ন-এক ঘণ্টা পর আটক

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ

কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের হাতে গ্রেফতারের পর হাতকড়া পরা অবস্থায় কৌশলে পালিয়ে গেলেন একাধিক মামলার পলাতক আসামি সুমন মিয়া (৩০)। প্রায় এক ঘণ্টা ধরে ব্যাপক অভিযান চালিয়ে শেষ পর্যন্ত জলাশয়ের পানিতে গর্তের মধ্যে ডুব দিয়ে লুকিয়ে থাকা অবস্থায় তাকে ফের গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বুড়িচং উপজেলা সদরের থানা সংলগ্ন মুক্তিযোদ্ধা হাসেমের বাড়িতে এ ঘটনা ঘটে।

গ্রেফতারের পর পুলিশের চোখ ফাঁকি দিয়ে জলাশয়ে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলা সদরের থানা সংলগ্ন এলাকার মো. জজু মিয়ার ছেলে সুমন মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি অস্ত্র মামলায় তিনি পলাতক আসামি। এছাড়া উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের মালামাল চুরির মামলাতেও তার নাম রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে সুমনের বাড়িতে অভিযান চালায় বুড়িচং থানা পুলিশ।

অভিযানে তাকে গ্রেফতার করে হাতকড়া পরানো হয়। এরপর সুমন প্রস্রাব করার কথা জানালে পুলিশ তাকে হাতকড়া পরা অবস্থাতেই প্রস্রাব করার সুযোগ দেয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এ সুযোগকেই কাজে লাগিয়ে হঠাৎ দৌড়ে পাশের বাকশীমূল এলাকার একটি জলাশয়ে ঝাঁপ দেন সুমন। হাতকড়া পরা অবস্থায়ই পানিতে নেমে দ্রুত আত্মগোপন করেন তিনি। বিষয়টি টের পেয়ে পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে ধরতে ধাওয়া করলেও ততক্ষণে পানিতে ডুব দিয়ে আড়ালে চলে যান সুমন।

খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। শুরু হয় জলাশয়জুড়ে তল্লাশি। প্রায় এক ঘণ্টা ধরে অভিযানের একপর্যায়ে পুলিশ দেখতে পায়, জলাশয়ের একটি গর্তের পানিতে ডুব দিয়ে লুকিয়ে আছেন সুমন। পরে সেখান থেকে তাকে টেনে তুলে ফের গ্রেফতার করা হয়।

বুড়িচং থানার এসআই (সেকেন্ড অফিসার) রাকিব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুমন মিয়া একটি অস্ত্র মামলার পলাতক আসামি।

এছাড়া বুড়িচং উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের মালামাল চুরির মামলাতেও তিনি আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছিল। হাতকড়া পরা অবস্থায় সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে পুলিশ অভিযান চালিয়ে জলাশয়ের গর্তে ডুব দিয়ে লুকিয়ে থাকা অবস্থায় তাকে পুনরায় গ্রেফতার করে।

পুলিশ হেফাজতে থাকা সুমন মিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *