
লাকসামে দেড় শতাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা প্রদান
লাকসাম প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লাকসাম উপজেলার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দেড় শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) সকালে লাকসামের দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির লাকসাম শহর শাখার সভাপতি ইউসুফ আরাফাত সানি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন লাকসাম উপজেলা পশ্চিম শাখার সভাপতি হাফেজ ইকবাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক নোমান হোসেন নয়ন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী, পৌরসভা জামায়াতে ইসলামীর মনোনীত মেয়রপ্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সাবেক সভাপতি আব্দুর রব ফারুকী, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সাবেক সভাপতি জুবায়ের ফয়সাল, দপ্তর সম্পাদক ইব্রাহিম আজাদ সহ উপজেলা ও পৌরসভ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, একাডেমিক সাফল্যের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলিতে সমৃদ্ধ হতে হবে। তারা ইনসাফভিত্তিক ও সমৃদ্ধ ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান জানান।
পরে সংবর্ধিত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, মননশীল প্রকাশনা ও বিভিন্ন ইসলামিক বই তুলে দেওয়া হয়। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।