
কুমিল্লা শিবের বাজারে পুলিশের মাদক
বিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে কুমিল্লার শিবের বাজারে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টায় কোতয়ালী মডেল থানাধীন ৫ নম্বর পাঁচথুবী ইউনিয়নের শিবের বাজার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছত্রখিল পুলিশ ফাঁড়ির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার।
সমাবেশে ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরীফ ইবনে আলম, ফাঁড়ির কর্মকর্তা ও পুলিশ সদস্যরা ছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী এবং সচেতন এলাকাবাসী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ওসি তৌহিদুল আনোয়ার মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা তুলে ধরেন। তিনি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেন, মাদকের বিস্তার রোধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।
তিনি মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক এবং মাদক প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত অন্যান্য বক্তারাও মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
সমাবেশ শেষে সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত শিবের বাজার এলাকায় মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শিবের বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।
র্যালিতে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।