
নেশার টাকার জন্য
মা কে জবাই করে হত্যা !
সুমন খান, ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকা না দেওয়ায় শখের বানু (৫৫) নামে এক নারীকে তার ছেলে জবাই করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছেলে এখলাছ হোসেন (৩০)কে আটক করেছে পুলিশ।
নিহত শখের বানু উপজেলার ৫ নম্বর শ্যামকুড় ইউনিয়নের পশ্চিমপাড়ার জিকুর হোসেনের স্ত্রী।
স্থানীয়দের ভাষ্য, এখলাছ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা দেওয়ার জন্য তিনি প্রায়ই মায়ের ওপর চাপ সৃষ্টি করতেন। নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে কোনো একসময় নিজ বাড়িতে মাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত এখলাছ হোসেনকে আটক করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।
শ্যামকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহানুর আলম বলেন, “এখলাছ দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত হিসেবে এলাকায় পরিচিত। নেশার কারণে পরিবারের সদস্যদের সঙ্গে তার প্রায়ই বিরোধ হতো বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। মায়ের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত দুঃখজনক।”