
পাবনায় ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতারসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার
মোঃ রিফাত, পাবনাঃ
পাবনায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করা একটি সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ট্রান্সফরমারের যন্ত্রাংশ, বিপুল পরিমাণ তামার তার, কোর প্লেট এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, সম্প্রতি জেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তদন্তে নামে জেলা গোয়েন্দা শাখা।
গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (২৭ জুলাই) জেলার বিভিন্ন স্থানে সাঁড়াসি অভিযান চালিয়ে এই চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে বিদ্যুৎ বিভাগের সরকারি সম্পদ ও ট্রান্সফরমার চুরির কথা স্বীকার করেছে।
পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করা, সরকারি সম্পদ রক্ষা এবং যেকোনো অপরাধ দমনে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। বিদ্যুৎ সংযোগ ও সরকারি সম্পত্তি রক্ষায় জেলা জুড়ে এই ধরণের অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।