
বুড়িচংয়ে কোল্ড স্টোরেজে ইয়াবা সেবনে
৫ যুবকের ছয় মাসের কারাদণ্ড
সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার একটি কোল্ড স্টোরেজে বসে প্রকাশ্যে ইয়াবা সেবনের সময় পাঁচ যুবককে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ৫১ পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
শনিবার (২৫ জুলাই) রাতে উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকার আল হেলাল কোল্ড স্টোরেজে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।
পুলিশ জানায়, কোল্ড স্টোরেজের ভেতরে কয়েকজন যুবক ইয়াবা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত—এমন গোপন তথ্যের ভিত্তিতে বুড়িচং থানার অধীন দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সুরজিৎ বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।
অভিযানের সময় ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম, ৫১ পিস ইয়াবা এবং পাঁচ যুবককে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—ময়নামতি ইউনিয়নের শরিফপুর গ্রামের শাহ আলমের ছেলে মো. রাকিব (২৮), সমেশপুর এলাকার শহীদ মিয়ার ছেলে মো. শাহিন (২৯), জালালপুর এলাকার মফিজুল ইসলামের ছেলে সৈকত আহমদ ইমন (২৫), শরিফপুর গ্রামের জসীম উদ্দীনের ছেলে মেহেদী হাসান শান্ত (২৭) এবং জালালপুর এলাকার মো. মানিকের ছেলে মো. সোহেল রানা (২৮)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে ইয়াবা সেবনের আলামত ও ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক সেবনের বিষয়টি স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বুড়িচং থানা পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্তদের রবিবার (২৬ জুলাই) সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকলে তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করা সম্ভব হবে।