
লালমাইতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
লালমাই প্রতিনিধিঃ
‘ তারুন্যের আশা আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লালমাইতে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার ১২জুলাই ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও দিবসটি উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রনজিত সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ এনামুল হক। এ সময় অন্যান্যের মধ্যে লালমাই উপজেলা বিএনপি নেতা মাওলানা জাকির হোসেনসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানগুলো হলো: শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী ফরিদা ইয়াসমিন (২/খ ইউনিট, বাগমারা দক্ষিণ ইউনিয়ন)। শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা খোদেজা আক্তার (বাকই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র)। শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: শাহাদাৎ হোসেন (ভুলইন উত্তর ইউনিয়ন)।শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার: জন সঞ্জয় চন্দ্র পাল (বেলঘর উত্তর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র)।শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র:বাগমারা উত্তর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।
শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ: বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠানেটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুব্রত বিশ্বাস দাস বলেন, তরুণ ও যুবসমাজের আশা-আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করার বিকল্প নেই। সঠিক পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মীদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।